
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।
তিনি বলেন, দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে বিজয় অর্জন, সাংগঠনিক ভিত মজবুত করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে সহজেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে শ্রীপুর ইউনিয়ন বিএনপি এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ওয়ার্ডভিত্তিক সদস্য প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে নিজেদের মধ্যে সমন্বয় ও ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী বাছাই করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হতে হলে নেতাকর্মীদের জনকল্যাণমূলক, সামাজিক ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে।
রাজীব আহসান আরও বলেন, জনগণ যখন বুঝতে পারবে যে একজন নেতা বা জনপ্রতিনিধি তাদের কল্যাণে কাজ করছেন এবং ভবিষ্যতেও কাজ করবেন, তখনই তার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস তৈরি হবে। তাই জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়ার শাহীন লিটন, সদস্যসচিব দিনু মিয়া, উত্তর জেলা বিএনপির সদস্য জিয়াউদ্দিন সুজন, বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন ও সদস্যসচিব পারভেজ খন্দকার।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন ও সদস্যসচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল ও সদস্যসচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন ও সদস্যসচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত সোহাগ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জুবায়েরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।