
মেহেন্দিগঞ্জে ঢুকেই নৌ প্রতিমন্ত্রীর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন।
নিজ এলাকায় প্রবেশ করেই নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। আজ ২৮ আগস্ট রোজ শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে তিনি পাতারহাটের স্টিমার ঘাট এসে পৌঁছান। সেখান থেকে নৌ প্রতিমন্ত্রী সরাসরি মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন।
৫০ সয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত রোগী থাকার কারণে হাসপাতালের বারান্দায় এবং ভবনের প্রায় তিনটি রুমে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু ওই স্থানে বৈদ্যুতিক ফ্যান না থাকার কারণে রোগী এবং তাদের স্বজনেরা প্রচন্ড গরমে গুমোট একটি পরিবেশের মধ্যে অবস্থান করছিলেন। নিজ চোখে এই অবস্থা দেখে নিজ অর্থায়নে তাৎক্ষণিক বৈদ্যুতিক ফ্যান স্থাপনের নির্দেশনা প্রদান করেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। পাশাপাশি চলন্ত বৈদ্যুতিক পাখাগুলোর ক্যাপাসিটর দুর্বল হওয়ার কারণে পর্যাপ্ত বাতাস না হওয়ার কারণে প্রায় ১০ টি ফ্যানের ক্যাপাসিটর পরিবর্তনের নির্দেশনা প্রদান করেন তিনি।
স্থানীয় বিএনপি’র নেতারা জানান, চিকিৎসা নিতে আসা রোগী এবং রোগীর স্বজনেরা প্রচন্ড গরমে যখন অতিষ্ঠ তখন সরেজমিনে বিষয়টি নিজ চোখে দেখে নিজস্ব অর্থায়নে আজ রাতের মধ্যেই ৮ টি ফ্যান এবং ১০ টি ক্যাপাসিটর স্থাপনের নির্দেশনা প্রদান করেন। এ সময়ে রাজীব আহসান চিকিৎসা গ্রহীতা রোগী এবং তার স্বজনদের খোজ খবর নেন।
প্রতিমন্ত্রী রাজীব আহসানের আকস্মিক হাসপাতাল পরিদর্শন এবং মানবিক বিবেচনায় ফ্যান বিতরণে চিকিৎসা নিতে আসা রোগী এবং তার স্বজনেরা আপ্লুত হয়ে তাৎক্ষণিক তার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।